সরিষাবাড়ী পৌর মেয়র রুকনের ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদ

সরিষাবাড়ী পৌর মেয়র রুকনের ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মো: সুরুজ্জামান।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সরিষাবাড়ী পৌরসভা’র মেয়র মোহাম্মদ রুকুনুজ্জামান (রুকন) তাঁর ফেসবুক পেইজে ‘খোলা চিঠি’ শিরোনামে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি লিখেছেন।

তাঁর লেখাটি হঠাৎ আমার দৃষ্টিগোচর হওয়ায় পুরো লেখাটিই আমি খুবই মনোযোগ সহকারে পড়েছি। লেখাটিতে তিনি তাঁর ব্যক্তিগত সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন। একই সাথে তিনি সরিষাবাড়ী আসনের মাননীয় সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জড়িয়ে নির্জলা মিথ্যাচারও করেছেন। ইতিপূর্বেও একধিকবার ফেসবুক লাইভে এসে তিনি এরকম মিথ্যাচার করেছিলেন।

রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে জেলার সকল উপজেলার রাজনৈতিক চিত্র আমি জানি। সরিষাবাড়ী উপজেলার রাজনৈতিক অঙ্গনে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সমন্বয়হীনতার খবরও কারোরই অজানা নয়। মেয়র ও কাউন্সিলদের দ্বন্দ্বের জের ধরে মাননীয় সাংসদকে জড়িয়ে যে অপরাজনীতি সরিষাবাড়ীতে শুরু হয়েছে নি:সন্দেহে তা অনাকাংখিত ও খুবই দু:খজনক।

মেয়র মহোদয় আপনি আওয়ামী লীগের লোক। যারা আপনার বিরুদ্ধে অনাস্থা এনেছেন তারাও আওয়ামী লীগেরই লোক। পৌর আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে আপনাকে সাময়িক অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগই । এবং এই অব্যাহতির যৌক্তিকতার বিচারও এখন জামালপুর জেলা আওয়ামী লীগের হাতে। যদিও বিষয়টি এখনও চুড়ান্ত হয়নি।

এমতবস্থায় আওয়ামী রাজনীতির শেষ ব্যক্তির কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার প্রার্থনা করে আপনি দলের ভাবমূর্তিকে কোথায় নিয়ে গেলেন? আওয়ামী লীগের একজন সাংসদ ও সরকারের একজন মন্ত্রীকে আপনার লেখার মাধ্যমে আজকে যেভাবে হেয় করার অপচেষ্টা করেছেন নি:সন্দেহে তা উদ্দেশ্যমুলক।

আপনার এই অপতৎপরতা দলীয় ভাবমূর্তিকেও খাটো করেছে সন্দেহ নেই। একই সাথে আপনি আওয়ামী লীগের একজন মাননীয় সংসদ সদস্য ও সরকারের একজন মাননীয় মন্ত্রীকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টাটিও করেছেন।

আমি আওয়ামী লীগের একজন মাঠ কর্মি হিসাবে আপনার এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে আইনী ব্যবস্থা নেয়ার সুযোগ থাকলে সেটিও নেয়া হবে।

অধ্যাপক মো: সুরুজ্জামান
যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ
জামালপুর জেলা শাখা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর