মহামারি করোনাভাইরাসের মধ্যে দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে মো. নাইমুল হক (৩৮) নামের আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) একটি প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ তিন শিশু সন্তান এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
করোনা ভাইরাস প্রটোকল অনুযায়ী শুক্রবার (১৫ মে) রাতে দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৮ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস