ভোলার ৩টি হাসপাতালে চালু হয়েছে করোনা নমুনা সংগ্রহ বুথ। শনিবার (১৬ মে) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন হাসপাতালে একযোগে এ বুথের উদ্বোধনের মধ্যদিয়ে স্বাস্থ্যবিভাগকে উপহার হিসাবে এ বুথ হস্তান্তর করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এ বুথের মাধ্যমে খুব সহজেই মানুষের করোনা নমুনা সংগ্রহ করতে পারা যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে বুথটি।
এ সময় ভিডিও বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, করোনা পরীক্ষার জন্য খুব শিগ্রই ভোলাতে পিসিআর ল্যাব ও আইসিইউ বেড স্থাপন করা হবে।
তিনি আরো বলেন, দল-মত নির্বিশেষে দরিদ্র মানুষ যাতে ত্রান পায় সে জন্য সবাইকে শততার সাথে কাজ করতে হবে।
এ সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা আওয়ামীলীগের নেতা কর্মী ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/টি.সি