অটো নিয়ে পালাতে গিয়ে জনতার হাতে চোর আটক: পুলিশে সোপর্দ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যাটারিচালিত অটোবাইক নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা অটোবাইক চোর চক্রের সদস্য আরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে। পরে তাকে আলফাডাঙ্গা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আজ (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক চোর আরিফুল ইসলাম গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উলপুর গ্রামের মিজান মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) উপজেলার মালা গ্রামের বাসিন্দা অটোবাইক চালক মো. রুবেল বিশ্বাস তার গাড়িটি রাস্তার পাশে রেখে জুম্মার নামাজ পড়তে যায়। এই সুযোগে আটককৃত ওই চোর ও তার সহযোগী আরো দু’জন অটোবাইকটি অভিনব কায়দায় চুরি করে পালিয়ে যায়। নামাজ শেষে অটোচালক রুবেল বিশ্বাস তার গাড়িটি দেখতে না পেয়ে প্রতিবেশীদের নিয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। একপর্যায়ে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজার দিয়ে গাড়িটি পালিয়ে যাওয়ার সময় ওই চোর চক্রের সদস্যকে গাড়িসহ স্থানীয় জনতা আটক করে। এসময় ওই চোরের অপর দুই সহযোগী মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করার চেষ্টা করলে মোটরসাইকেল ফেলে তারা পালিয়ে যায়।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘‘বার্তা বাজার’’ কে জানান, ‘এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপজেলার জাটিগ্রাম বাজার থেকে এক চোরকে গ্রেফতার করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর