চট্টগ্রামে সংঘবদ্ধ কুকুরের কামড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে হাটহাজারী পজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিম ফরহাদাবাদ নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম দূর্জয় দেব নাথ (১২)। সে ওই এলাকার প্রদীপ নাথের পুত্র এবং ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, দূর্জয় দেব নাথ সকালে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে খেলতে যায়। সংঘবদ্ধ একদল কুকুর তাকে একা পেয়ে হঠাৎ তার ওপর আক্রমণ করে। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয়। উপস্থিত লোকজন লাঠি নিয়ে কুকুরগুলোকে তাড়া করলে সংঘবদ্ধ কুকুরের দল পালিয়ে যায়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফোজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে গেলে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস