করোনা সংকটে অসহায়দের পাশে দাড়াতে বাংলাদেশিদের মধ্যে সবার আগে নিজের প্রিয় ক্রিকেটীয় স্মারক নিলামে তোলার ঘোষণা দেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। কিছুদিন সময় নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি নিলামে তোলেন দেশ সেরা এই ক্রিকেটার। পাঁচ দিনের নিলাম শেষে বিশাল দামে ব্যাটটি কিনে নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি।
‘স্পোর্টস ফর লাইফ’ ও ই-কমার্স সাইট পিকাবোর মাধ্যমে গত ৯ মে নিলামে উঠে মুশফিকের ঐতিহাসিক ব্যাটটি। ব্যাটটির ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৬ লক্ষ টাকা। নিলাম চলে গতকাল (১৪ মে) রাত ১০ টা পর্যন্ত।একদিন পর আজ (১৫ মে) লাইভে এসে নিজের প্রিয় ব্যাটটির অর্জিত মূল্য ঘোষণা করেন মুশফিক। ব্যাটটি বিক্রি হয় ২০ হাজার ইউ এস ডলারে। বাংলাদেশি টাকায় প্রায় ১৭
লাখ টাকা। আর ব্যাটটি কিনে নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির ফাউন্ডেশন। তবে উন্মুক্ত বিডিং পদ্ধতি হওয়ায় প্রকৃত বিড বের করতে বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয় নিলাম আয়োজক ‘নিবকো’ স্পোর্টস ম্যানেজমেন্ট, পিকাবো ও স্পোর্টস ফর লাইফকে। একটা পর্যায়ে সাময়িক সময়ের জন্য নিলাম বন্ধও রাখতে হয় তাদের। তবে শেষ পর্যন্ত ব্যাটটি বিক্রি হয়।
প্রসঙ্গত যে, ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে এই ব্যাট দিয়ে অপরাজিত ২০০ রান করেছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের পক্ষে যেটা প্রথম ডাবল সেঞ্চুরির ঘটনা। নিজের ব্যাটটি নিলামে তোলার সময় মুশফিক ফেইসবুক লাইভে জানান, এই ব্যাট দিয়ে পরে আরও বেশ কয়েকটি বড় ইনিংস খেলেছেন তিনি।
এছাড়া সবার আগে নিজের বিশ্বকাপের প্রিয় ব্যাটটি ২০ লক্ষ টাকায় বিক্রি করেছিলেন সাকিব আল হাসান। এরপর সৌম্য সরকার ও তাসকিন আহমেদ ও নিজেদের প্রিয় ক্রিকেট স্মারক বিক্রি করেছেন।
কেএ/বার্তাবাজার