৫০ লাখ পরিবারকে ঈদ উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানালেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, করোনাকালে ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা করে নগদ দেয়ার যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ। এটি একটি ভালো উদ্যোগ।
শুক্রবার (১৫ মে) ‘আদর্শ নাগরিক আন্দোলন’ নামে একটি সংগঠনের ডাকা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সরকারকে সাধুবাদ জানান।
অসহায় ভাড়াটিয়াদের জন্য প্রণোদনা দাবি করে ডা. জাফরুল্লাহ বলেন, শহরে বেশিরভাগ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষজন ভাড়া বাড়িতে থাকেন। করোনা পরিস্থিতির কারণে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয়-উপার্জন বন্ধ হয়ে গেছে। তাই তারা বাড়িভাড়া পরিশোধ করতে পারছে না, বিভিন্ন সেবামূলক বিল পরিশোধ করতে পারছে না। আমি অনুরোধ করবো প্রধানমন্ত্রী যেন তাদের ৫০ শতাংশ প্রণোদনা দেন।
লকডাউনে কর্মহীন হয়ে যারা কষ্টে আছেন তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌছে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষের জন্য দুই মাস সরকারি খাদ্য সামগ্রী পৌঁছাতে হবে।
সীমিত আকারে গণপরিবহন চালুর পরামর্শ দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে পথে পথে গাড়ি চলতে শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষের বাহন বাস চালু হয়নি।
সে কারণে আমার একান্ত সুপারিশ প্রতি দুই ঘণ্টা পর পর গণপরিবহন চালু করা প্রয়োজন। সেইসঙ্গে প্রতি সপ্তাহে দুই দিন প্রাইভেটকার চালানো বন্ধ রাখতে অনুরোধ করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।
বার্তা বাজার / ডাব্লিও.এস