নারায়ণগঞ্জে করোনা জয় করে সুস্থ হলেন ৩৪২ জন

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে নারায়ণগঞ্জে আরও ৩৪২ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৬৪ জন। করোনা জয়ীদের মধ্যে পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ছাড়াও জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা সদস্য, সাংবাদিক ও সাধারণ মানুষ রয়েছেন। আগামী দিনগুলোতে এ সুস্থতার হার আরও বাড়বে বলে আশা করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৪ মে) নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৩৫ জন। এর মধ্যে ৬০ জনের মৃত্যু হয়েঝে। আক্রান্তদের মধ্যে করোনামুক্ত হয়েছেন মোট ৩৪২ জন। সামনের দিনগুলোতে এ সুস্থতার সংখ্যা যেন আরও বাড়ে সেই চেষ্টা করা হচ্ছে।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, আক্রান্তদের মধ্যে অনেকেরই দ্বিতীয় ও তৃতীয়বার নমুনা সংগ্রহ করা হয়েছে। শেষ রিপোর্টে নেগেটিভ আসলেই তাদের করোনামুক্ত ঘোষণা করা হচ্ছে। সে হিসাবে সর্বশেষ রিপোর্টের অপেক্ষায় আর শতাধিক ব্যক্তি রয়েছেন। এছাড়াও বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। ফলে আশা করা যাচ্ছে আগামী দুই তিন দিনে আরও শতাধিক ব্যক্তি করোনামুক্ত হয়ে উঠবেন।

জেলার করোনা চিকিৎসা পদ্ধতির উন্নতির কথা উল্লেখ করে সিভিল সার্জন বলেন, এই জেলায় নমুনা সংগ্রহের সেন্টার হয়েছে, নমুনা পরীক্ষা করার ল্যাব হয়েছে এবং করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কয়েকটি পূর্নাঙ্গ হাসপাতালও হয়েছে। যার কারণে আক্রান্ত মানুষ সুস্থও হচ্ছেন। করোনার ব্যাপারে ঢাকায় যেতে হচ্ছে না। নমুনা সংগ্রহ করে আমরা একদিনের মধ্যেই রিপোর্ট পেয়ে যাচ্ছি। কিছুদিন আগেও রিপোর্ট চার পাঁচদিন সময় লেগে যেতো।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির ব্যাপারে মানুষের অবহেলাকে দায়ী কিরে সিভিল সার্জন ডা. ইমতিয়াজ উদ্বেগ প্রকাশ করে বলেন, মানুষ এখনো প্রকৃতভাবে সচেতন হচ্ছেন না। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় না রাখার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি দেশ ও জাতির স্বার্থে নিজের ও পরিবারের সুরক্ষার জন্য সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়ম মেনে চলার আহ্বান জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর