চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ওই পুলিশ সদস্যের নাম নাইমুল হক (৪১)। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জামাল মোস্তফা জানান, ‘পুলিশের এ সদস্যকে গতকাল (বৃহস্পতিবার, ১৪ মে) জ্বর-সর্দিসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সকালে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়েছে। আমরা তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে ( বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস) পাঠিয়েছি।’
এছাড়া বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সলিল বিশ্বাস নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধও মারা গেছেন বলে জানান ডা. জামাল মোস্তফা।
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন নারী-পুরুষ। এছাড়া উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ২০ জনের বেশি। বর্তমানে আইসোলেশনে আছেন ১২৪ জন রোগী।
বার্তা বাজার / ডাব্লিও.এস