প্রাণঘাতী করোনাভাইরাস সর্বপ্রথম শনাক্ত হয় চীনের উহান শহরে। বিশ্বব্যাপী এই ভাইরাস তাণ্ডব চালালেও গত একমাসে চীনে নতুন করে কারও করোনায় মৃত্যু হয়নি। সর্বশেষ গত ১৪ এপ্রিল চীনে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কমিশন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে চারজন আক্রান্ত হয়েছে, তবে প্রাণহানির সংখ্যা শূন্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এরইমধ্যে ভাইরাসটি প্রাণ কেড়েছে তিন লাখেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ৪৪ লাখের বেশি। তবে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।
শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে যে চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তারা সবাই উত্তরপূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের বাসিন্দা। গত কয়েকদিন ধরে চীনের এ অঞ্চলটিতেই কিছু সংখ্যক রোগী শনাক্ত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ২৯। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৭ জনের।
বার্তা বাজার / ডাব্লিও.এস