বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়ির পাশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই-বোন।
শুক্রবার(১৫ মে) দুপুরে উপজেলার ইসলামপুর খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর খাঁ পাড়ার মাহফুজুর রহমান খানের মেয়ে মোবার্শ্বিরা খান (৪) ও মাসুম খানের ছেলে নিরব খান (৫)।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে দুই ভাইবোন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। ধারণা করা হচ্ছে, এ সময় মোবাশ্বিরা পুকুরে পড়ে ডুবে যায়। তখন তাকে তোলার জন্য নিরব পুকরে নামলে সেও ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বেলা আড়াইটার দিকে পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরিবারের সদস্যদের আহাজারিতে গ্রামের কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, এক শিশু পুকুরে পড়ে গেলে অপরজন তাকে উদ্ধারে নামে। এতে দু’জনের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বাদ আসর জানানো শেষে পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়।
ঢাকা ট্রিবিউন
বার্তাবাজার/কে.জে.পি