প্রধানমন্ত্রীর নথি জালিয়াতি করে চাকরি পাইয়ে দেয়ার কথা আদালতে স্বীকার করেছেন অভিযুক্ত আসামী ও ছাত্রলীগের সদ্য বহিস্কৃত নেতা তরিকুল ইসলাম মুমিন। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এই মুমিনের নামে এর আগে তেজগাঁও থানায় মামাওলা দায়ের করা হয়।
দুই দিনের রিমান্ড শেষে মুমিনকে শুক্রবার (১৫ মে) মামলার তদন্ত কর্মকর্তা, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত পরিদর্শক শামীমুর রশীদ আদালতে হাজির করেন। আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় ঘটনার সকল দায় স্বীকার করে নিতে রাজি হওয়ায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তরিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে, গত ১৩ মে মুমিনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম মুমিনকে গত বুধবার (৬ মে) রাতে ভোলার গাজীপুর রোডের বাসা থেকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে সড়কপথে ঢাকায় নিয়ে আসা হয়।
বার্তাবাজার/নিমফুল