চলমান করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকটে সীমিতভাবে গণপরিবহন চালুর জন্য সুপারিশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ।শুক্রবার (১৫ মে) আদর্শ নাগরিক আন্দোলনের ডাকা অবস্থান কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সামনে্ তিনি এ সুপারিশ করেন।
তিনি বলেন, ‘আজকে পথে পথে গাড়ি চলতে শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষের বাহন গণপরিবহন চালু হয়নি। সে কারণে আমার একান্ত সুপারিশ, প্রতি দুই ঘণ্টা পর পর গণপরিবহন চালু করা প্রয়োজন। অপর পক্ষে প্রতি দু’দিন সপ্তাহে প্রাইভেট কার চালান বন্ধ রাখতে হবে।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২৬ মার্চ থেকে লকডাউন ঘোষণা করে তা ধাপে ধাপে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে গণপরিবহন বন্ধ রয়েছে, তবে বিধিনিষেধের মধ্যে দোকানপাট খোলা রয়েছে।
৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ দেয়ার যে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী, এজন্য সাধুবাদ জানান তিনি।
বার্তাবাজার/এসজে