নিজের পাওয়া ত্রাণ অসহায়ের হাতে তুলে দিলেন দুই প্রতিবন্ধি

করোনা পরিস্থিতিতে গাইবান্ধার সাঘাটায় তাদের চেয়েও অপেক্ষাকৃত অসহায়দের জন্য নিজের পাওয়া ত্রাণ ফিরিয়ে দিয়েছেন দুই প্রতিবন্ধী। সরকারের দেয়া খাদ্য সহায়তা হিসাবে বৃহস্পতিবার (১৪ মে) ১০ কেজি চাল, দুই কেজি ডাল ও এক কেজি লবণ হাতে পাওয়ার পর তা না নিয়ে অন্যের হাতে তুলে দিয়েছেন তারা।

এই মহান কাজটি করেছেন উপজেলার শিমুল তাইড় গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মোফাজ্জল হোসেন ও দলদলিয়া গ্রামের এক পা হারানো প্রতিবন্ধী সিরাজ উদ্দিন (৬০)।

জানা যায়, দৃষ্টি প্রতিবন্ধি মোফাজ্জল হোসেন ট্রেনে ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করেন। এখন ট্রেন বন্ধ থাকায় তার আয় বন্ধ হয়ে গেলেও সরকারের খাদ্যবান্ধব কার্ড পাওয়ায় সেই কষ্ট অনেকটা লাঘব হয়েছে তার। কয়েকদিন আগেই খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি চাল পেয়েছেন। যা দিয়ে মাসখানেক চলবে তার।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার পক্ষ থেকে সাঘাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলাম স্বপন তার হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। কিন্তু তিনি ত্রাণ সামগ্রী গ্রহণ করেননি। কারণ হিসাবে অল্পে তুষ্ট মোফাজ্জল জানালেন তার ঘরে এখনও অনেক চাল মজুদ আছে। তার চেয়ে অসহায়দেরকে তার প্রাপ্য ত্রাণ দিয়ে দেয়ার দাবি জানান তিনি।

এদিকে প্রতিবন্ধী সিরাজ উদ্দিন বলেন, কয়েকদিন আগে আমি প্রতিবন্ধী ভাতা তুলেছি। ওই টাকায় আমার বেশ কিছু দিন সংসার চলবে। তাই করোনাভাইরাসের কারণে আমার চেয়েও যারা বেশি অসহায়, ঘরে খাবার নেই, তাদের হাতেই ত্রাণ দেয়া দরকার ।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, আমার নির্বাচনী এলাকা সাঘাটা-ফুলছড়ি উপজেলায় যেন কেউ অনাহারে না থাকে সে জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি সহযোগিতা ছাড়াও আমার ব্যক্তিগত উদ্যোগে হটলাইন নম্বরের মাধ্যেম খাবার সামগ্রী বিতরণের ব্যবস্থা অব্যহত আছে ।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর