প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের বিচারে চীনকেও ছাড়িয়ে যেতে চলেছে ভারত। দেশটিতে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় শতাধিক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ভারতে।
মন্ত্রণালয়ের খবর অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭২২ জন।
বৃহস্পতিবার (১৪ মে) মৃত্যু ধরে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯৯৭ জন। এরমধ্যে ২৭ হাজার ৯৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে।
লকডাউন করেও সম্পূর্ণ আয়ত্তে নেই পরিস্থিতি। আক্রান্তের বিচারে চীনের ঠিক নীচেই রয়েছে ভারত। চীনে মোট আক্রান্ত যেখানে ৮২ হাজার ৯৩৩ জন। সেখানে ভারতে পেরিয়ে গেল ৮১ হাজারের গণ্ডি। ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার সর্বাধিক রয়েছে মহারাষ্ট্রে। এরপরেই রয়েছে গুজরাট। গত দুদিনে ১০ শতাংশ হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
এই সপ্তাহে অর্থাৎ সোমবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৬ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা। ১১দিনে কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছে সেদেশে আক্রান্তের সংখ্যা। ফলে যে হারে ভারত এগোচ্ছে শুক্রবারের মধ্যে চীনকে আক্রান্তের হারে ছুঁয়ে যাবে ভারত।
বার্তাবাজার/এমকে