ভারত থেকে এলো ১৬০০ মেট্রিক টন পেঁয়াজ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে লকডাউন থাকায় ভারতের মোহদীপুর বন্দরে আটকে পড়া পেঁয়াজ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ স্টেশন থেকে বুকিংকৃত পেঁয়াজ ভারতের সিঙ্গাবাদ স্টেশন হয়ে বাংলাদেশের রহনপুর রেলবন্দরে এসে পৌঁছে। লকডাউনের কারণে ১ মাস ২০ দিন বন্ধ থাকার পর এ রুট দিয়ে পণ্যবাহী ট্রেন প্রবেশ করল।

রহনপুর রেল স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান বলেন, বৃহস্পতিবার বিকেলে পেঁয়াজভর্তি ১ র্যাক (৪২ ওয়াগন) পণ্যবাহী ট্রেনটি ভারতের সিঙ্গাবাদ স্টেশন থেকে রহনপুর স্টেশনে প্রবেশ করে। আমদানিকৃত পেঁয়াজগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা স্টেশনে খালাশ হবে।

চাঁপাইনবাবগঞ্জের পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান একতা শস্য ভাণ্ডারের প্রতিনিধি মিজানুর রহমান জুয়েল বলেন, লকডাউনের কারণে মহদীপুর স্থলবন্দরে আটকে পড়া কৃষিপণ্যের মধ্যে ১ হাজার ৬০০ মেট্রিক টন পেঁয়াজ ভারতের মালদাহ স্টেশনে বুকিং হয়ে সিঙ্গাবাদ-রহনপুর রুট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আগামীতে এ রুট দিয়েই ভারতের মোহদীপুর স্থলবন্দরে আটকে পড়াসহ ভারতের অন্যান্য স্থান থেকে আমদানি করা কৃষি পণ্য প্রবেশ করবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর