করোনায় আক্রান্ত হয়ে বন্দির মৃত্যু, লাশ নেয়নি পরিবার

সময়ের সাথে বাড়ছে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা। তারই ধারাবাহিকতায় সিলেট কেন্দ্রীয় কারাগারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বন্দি মারা গেছেন। কিন্তু তার লাশ নেয়নি পরিবার। পরে সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীর মানিক পিরের টিলায় কারা কর্তৃপক্ষ ওই ব্যক্তির লাশ দাফন করে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো.আব্দুল জলিল। তিনি জানান, গত ১০ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তার মৃত্যুর খবর দেওয়া হলেও পরিবার লাশ নিতে অস্বীকৃতি জানায়। পরে সিটি করপোরেশনের সহযোগিতায় ওই ব্যক্তির পরিবারের সদস্যদের উপস্থিতেতে দাফন সম্পন্ন করা হয়।

কারা সূত্রে জানা গেছে, ৮ মে অসুস্থ হয়ে পড়লে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় ওই কারাবন্দিকে। শরীরে করোনার উপসর্গ থাকায় তাকে করোনা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। ৯ মে তার নমুনা সংগ্রহ করা হয়। ১০ মে মৃত্যুর পর তার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। ১১ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

সিনিয়র জেল সুপার মো.আব্দুল জলিল বলেন, ‘কারগারে ওই বন্দির সংস্পর্শে আসা কারারক্ষী ও হাজতিসহ ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য সিভিল সার্জনকে অনুরোধ জানানো হয়েছে। আগামী শনিবার থেকে তাদের নমুনা সংগ্রহ শুরু হবে।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর