ফরিদপুরে আরও চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭ জন হলো। বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্র জানায়, নতুন যে চারজনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে একজন নারী ও তিন জন পুরুষ।
শনাক্ত চারজনের মধ্যে দুইজনের বাড়ি সদরপুর উপজেলার সদর ইউনিয়নে। এদের একজনের বয়স ৪২ অপরজনের বয়স ৬০। এছাড়া বোয়ালমারীর চতুল ইউনিয়নের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ এবং অপর জন ২৫ বছর বয়সী এক তরুনী। যার ঠিকানায় শুধু মাত্র ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল লেখা রয়েছে।
সিভিল সার্জন ডাঃ মো. ছিদ্দীকুর রহমান জানান, বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে আটজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে চারজন ফরিদপুরের, তিনজন রাজবাড়ীর ও একজন গোপালগঞ্জের বাসিন্দা।
কেএ/বার্তাবাজার