সারাদেশের ৯২ টি বাজারে অভিযান চালিয়ে ৫ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মহামারি করোনা পরিস্থিতিতে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা’র নেতৃত্বে ও পরিচালক (প্রশাসন) শামীম আল মামুনের তদারকিতে অভিযান পরিচালিত হয়। এতে ১৬৫টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজধানীর বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, মাগফুর রহমান ও মাহমুদা আক্তার। ঢাকা মহানগরীতে অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তার নেতৃত্বে ১৫টি (পাইকারি ও খুচরাবাজারে) এ অভিযান পরিচালিত হয়।
এছাড়া ঢাকার বাইরে ৬১ জন কর্মকর্তা বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালকগণের নেতৃত্বে ৭৭টি বাজারে অভিযান পরিচালিত হয়।
অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিকমূল্যে পণ্য বিক্রয় করা, মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করা, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধের জন্য প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এই প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পবিত্র রমজানে ও করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের নিয়মিত ও বিশেষ বাজার তদারকি কার্যক্রম চলছে।
রমজানে ও দেশের এই ক্রান্তিলগ্নে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করার জন্য ব্যবসায়ীদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান তিনি ।
এছাড়াও নিত্যপণ্যের উৎপাদনকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিত্যপণ্যের ক্রয় মূল্যের ভাউচার এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করতে এবং ন্যায্য ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয়ের জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।
করোনা পরিস্থিতিতে দেশের সকল ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলে বাজারে পণ্য ক্রয় বিক্রয়ের অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ ও পণ্যমূল্য সহনীয় রাখতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী নিয়মিতভাবে অধিদপ্তরের ঢাকাসহ সারা দেশের বাজার তদারকি কার্যক্রম প্রত্যক্ষভাবে মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস