মহামারি করোনাভাইরাসের সময় দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে প্রায় ২ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার ফলে ক্রমেই সুস্থ হয়ে উঠছেন করোনাক্রান্ত পুলিশ সদস্যরা। করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছেন আরও ১২ পুলিশ সদস্য।
তারা সুস্থ হয়ে বৃহস্পতিবার ( ১৪ মে) বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ত্যাগ করেছেন। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।
আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী ১২ পুলিশ সদস্যের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ কোভিড-১৯ মুক্ত হয়ে সুস্থ হওয়া এসব পুলিশ সদস্যকে ফুল দিয়ে বিদায় জানান।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী করোনাক্রান্ত পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস