মহামারি করোনা পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও একের পর এক সুখবর দিয়ে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শিক্ষকদের বেতন সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।
জারিকৃত নোটিশে নতুন এমপিওভুক্ত সকল স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা ঈদের আগেই পরিশোধ করা হবে। আর তার জন্য জরুরী ভিত্তিতে এমপিও সভাও আহ্বান করা হয়েছে। আগামী শনিবার (১৬ মে) সেই সভা অনুষ্ঠিত হবে। অনলাইনে বেলা ১১টায় শিক্ষক কর্মচারীদের সরকারি অংশ (এমপিও) প্রদান বিষয়ের সেই সভা অনুষ্ঠিত হবে।
নোটিশে আরো বলা হয়, এমপিও আবেদন অনুমোদনের নিমিত্তে করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ এমপিও সভা ডাকা হয়েছে। এতে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সঙ্গে এনটিআরসিএ, ব্যানবেইস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের কর্মকর্তারা সংযুক্ত হবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আরো এক নির্দেশনায় বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে ঈদুল ফিতরের সরকারি ছুটিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করতে হবে।
বার্তাবাজার/এসজে