মাইকিং করে করোনা পরিস্থিতিতে হাটবাজারে না আসার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন নেত্রকোনা জেলা চেম্বার অব কমার্স। বৃহস্পতিবার (১৪ মে) এই মাইকিং কার্যক্রম করা হয়।
মাইকিং করে বলা হয়, দীর্ঘদিন পর বিভিন্ন শর্তে দোকানপাট খুলে দেয়া হয়েছে। কিন্তু বাজারে ঘুরে দেখা যাচ্ছে কেউ স্বাস্থ্য বিধি মানছে না। এভাবে চলতে থাকলে পুনরায় দোকানপাট বন্ধ করে দেয়া হবে। এমতাবস্থায় মা-বোনদের বাজারে না আসতে অনুরোধ করা যাচ্ছে।
এ বিষয়ে নেত্রকোনো চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল ওয়াহেদ বলেন, ঈদ উপলক্ষে জেলা সদরের বিভিন্ন দোকানপাটে নারীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তাদের ভিড়ের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। তাই তাদের সুরক্ষার কথা বিবেচনা করে বাজারে না আসার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে মাইকিং করা হলেও বাজারে নারী ক্রেতাদের ভিড় একটুও কমেনি। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা সদরের বড়বাজারের গার্মেন্ট, কাপড় ও জুতার দোকানগুলো ঘুরে উপচে পড়া ভিড় দেখা গেছে। ক্রেতাদের বেশিরভাগই নারী। তারা কেউই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না।
বার্তাবাজার/এসজে