প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে দেশে মারা গিয়েছেন আরও ১৪ জন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জনে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা জানান, যে ১৪ জন মারা গেছেন তাদের মাঝে ১১ জন পুরুষ এবং ৩ জন নারী। এলাকা বিবেচনায় ঢাকার মধ্যে মারা গেছেন ৯ জন ও ঢাকার বাইরে নারায়ণগঞ্জে মারা গিয়েছেন বাকি ৫ জন।
তিনি আরও বলেন, বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছর বয়সী একজন মারা গেছেন। ৩১ থেকে ৪০ বছরের মারা গিয়েছেন ১ জন, ৪১ থেকে ৫০ এর মাঝে মারা গিয়েছেন ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫ জনের মৃত্যু হয়েছে। ষাটোর্ধ্ব ২ জনের মৃত্যুর তথ্যও তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গতকাল বুধবার দেশে ১৯ জন এই ভাইরাসে মৃত্যু হওয়ার পর আগের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল।
বার্তাবাজার/এসজে