প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পর্যন্ত ৪৯টি গণমাধ্যমের ১০৮ জন সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে একজনের। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। সুস্থ হয়েছেন ২৫ জন।
৪৯টি গণমাধ্যমের মধ্যে ২২টি পত্রিকা, ২০টি টেলিভিশন, চারটি নিউজ পোর্টাল, দুইটি রেডিও ও একটি বার্তা সংস্থা রয়েছে।
দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ন কবির খোকন করোনায় মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন-দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু। সূত্র: জাগো নিউজ
বার্তাবাজার/এমকে