চাঁদপুরের ফরিদগঞ্জের তানজিনা আক্তার রিতু (২১) নামের এক কলেজছাত্রী তারই স্বামীর হাতে নিহত হয়েছেন। এসময় রিতুর মা ও ভাই ঘাতক স্বামীর ছুরির আঘাতে গুরুতর আহত হন। রিতুর হত্যাকারী স্বামীর নাম আল মামুন মোহন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়।
বুধবার (১৩ মে) সন্ধায় ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিতু স্থানীয় হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, আড়াই বছর আগে মোহনের সাথে রিতুর বিয়ে হয়। বিয়ের পর সৌদি আরবে ১ বছর থেকেই ফিরে আসেন মোহন। ঘটনার দিন বিকালে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন মোহন। ইফতারের আগ মুহুর্তে স্ত্রী রিতুর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরি মেরে বসেন মোহন।
রিতুর চিৎকার শুনে তার মা পারভীন ও ভাই প্রান্ত এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করে গুরুতর যখন করে মোহন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন টের পেয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
গুরুতর আহত ৩ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক রিতুকে মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় পারভীন আক্তারকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফরিদগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুর রকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বার্তাবাজার/এসজে