পঞ্চগড়ে এবার এক পুলিশের করোনা শনাক্ত

স্বাস্থকর্মী ও কয়েদির পর এবার পঞ্চগড়ে এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে ওই পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। ৩৪ বছর বয়সী ওই পুলিশ সদস্য পঞ্চগড় পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন। তিনি পুলিশের একজন উপসহকারী পরিদর্শক। করোনা আক্রান্ত এক কয়েদির সংস্পর্শে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ বিভাগ। এ নিয়ে জেলায় ১৪ জনের করোনা শনাক্ত হলো।

জেলা স্বাস্থ বিভাগ সূত্রে জানা যায়, গত ১ মে পঞ্চগড় কারাগারের এক কোয়েদির শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই পুলিশি পাহাড়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত ৫ মে ওই কোয়েদির করোনা শনাক্ত হয়। তারপর ওই কয়েদি সংস্পর্শে আসা পুলিশের ২ সদস্য, ৪ জন কারারক্ষীসহ ১০ জনকে হোমকোয়ারিন্টে রাখা হয় এবং তাদের নমুনা সংগ্রহণ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত ১০ মে পুলিশের ওই উপসহকারী পরিদর্শকসহ পুলিশ লাইন্সের ৪ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে পাঠায় স্বাস্থ বিভাগ। তাদের মধ্যে কেবল ওই পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। তবে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এদিকে পুলিশের করোনা শনাক্ত হওয়ায় পুলিশ লাইন্স এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

এ নিয়ে জেলায় স্বাস্থকর্মী ও কয়েদিসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত হলো। পঞ্চগড় সদর উপজেলায় ৩ জন, তেঁতুলিয়ায় ৪ জন, বোদায় ২ জন, দেবীগঞ্জে ৪ জন ও আটোয়ারী উপজেলায় ১ জন। এদের বেশিরভাগই ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুরের মতো করোনা হটস্পট থেকে পঞ্চগড়ে ফিরেছেন। বাকিরা তাদের সংস্পর্শে করোনায় আক্রান্ত হয়েছে। তবে তেঁতুলিয়া উপজেলায় করোনা আক্রান্ত ৩ জনেরই দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভি এসেছে। বাকিরাও সুস্থ রয়েছেন।

পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আক্রান্ত পুলিশ সদস্য ওই কয়েদির করোনা শনাক্ত হওয়ার পর থেকেই পুলিশ লাইন্সে কোয়ারেন্টিনে ছিলেন। এখন তার করোনা শনাক্ত হওয়ায় তাকে সেখানেই আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া পুলিশ লাইন্সে বাড়তি সতকর্তা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত জেলায় করোনা সন্দেহে মোট ৬৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তার মধ্যে ৬৫১ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে স্বাস্থকর্মী, পুলিশ সদস্য ও কয়েদিসহ মোট ১৪ জনের করোনা ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে তেঁতুলিয়া উপজেলার ৩ জনের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। বাকিরাও সুস্থ রয়েছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর