নিলামে ব্যাট তুলছেন না আশরাফুল

করোনাকালের সঙ্কট মোকাবিলায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজের ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সাকিব-সৌম্যদের মত নিজের ঐতিহাসিক সেই ব্যাটটি ‘অকশন ফর অ্যাকশন’ ফেসবু্ক পেইজে নিলামে তুলতে চেয়েছিলেন সাবেক এই অধিনায়ক। কিন্তু নিয়মের প্রক্রিয়াটা তাঁর কাছে অস্পষ্ট হওয়াতে আপাতত নিজের ব্যাটটি নিলামে তুলছেন না আশরাফুল।

গত ৯ মে রাত ১০ টায় অনলাইন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান ‘পিকাবো’র মাধ্যমে দেশের হয়ে প্রথম ডাবল শতক হাঁকানো ব্যাটটি নিলামে তুলেছেন মুশফিকুর রহিম। কিন্তু ৩ দিন ধরে ব্যাটটির নিলাম চললেও ভুয়া বিডের কারণে বারবার নিলাম বন্ধ করতে হয়েছে পিকাবো কতৃপক্ষকে। আর এমন কার্যক্রম দেখে নিজের প্রিয় ব্যাটটি নিলামে তোলা থেকে পিছু হটলেন আশরাফুল।

আশরাফুল জানান, “নিলামের প্রক্রিয়াটা আমার কাছে পরিষ্কার নয়। মুশফিকেরটায় দেখলাম অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটছে। উল্টাপাল্টা হলে আমার এত মূল্যবান স্মারক নিলামে তোলার কোনো মানে নেই। এটার উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সহায়তা করতে যত বেশি দাম পাওয়া যায়। আমাদের দেশে যেভাবে নিলাম হচ্ছে, এখন আর ব্যাটটা দিতে চাচ্ছি না।”

এছাড়া নিজের ব্যাটির ভিত্তি মূল্যে শুরুতে ১৫ লাখ টাকা ধরলেও পরবর্তীতে তা ৮ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আশরাফুলের এমন চড়া ভিত্তি মূল্য দিয়ে ব্যাট নিলামে তুলতে রাজি হননি আয়োজকরা।

ভিত্তি মূল্য তিনি আরও বলেন;“ভিত্তিমূল্য কম দিয়ে লাভ কী! এর চেয়ে কম দামেই যদি বিক্রি করতে হয়, এই টাকা তো আমি নিজেই ব্যয় করছি মানুষের কল্যাণে। ঘোষণা দিয়েও পিছিয়ে আসায় অনেকে হয়তো খারাপ ভাবতে পারে আমাকে। কিন্তু নিলামের সংস্কৃতি আমাদের দেশে সেভাবে গড়ে ওঠেনি। নিলামের সংস্কৃতি আরও ভালো হলে তখন দেব। আশা করি ধীরে ধীরে এটা উন্নত হবে।”

প্রসঙ্গত যে, ২০০৫ সালে কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে এই ব্যাটে সংগ্রহ করেছিলেন ১০০ রান। আর তাতে কপাল পুড়েছিল পরাশক্তি অস্ট্রেলিয়ার। জয় পায় বাংলাদেশ। আর ঐতিহাসিক সেই ব্যাটটি নিলামে তুলতে চেয়েছিলেন আশরাফুল।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর