‘প্রতিকূল আবহাওয়ার কারণে তো মানুষের ক্ষুধা বন্ধ থাকবে না, তারা তো ক্ষুধার্ত হবেই’- এমনটা জানালেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বুধবার (১৩ মে) সাভারের বিরুলিয়া ইউনিয়নে প্রচন্ড বৃষ্টির মাঝে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত সাংবাদিকদের একথা জানান তিনি।
ঝড়বৃষ্টিও খাদ্য সহায়তা প্রদানে দমাতে পারেনি তাকে! প্রচন্ড ঝড় এবং বৃষ্টির মাঝেও অসহায় রোজাদারদের মাঝে খাদ্য সহায়তা প্রদানে বিরত রাখতে পারেনি ঢাকার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবকে! বুধবার (১৩ মে) বৈরী আবহাওয়ার মাঝেও বৃষ্টিতে ভিজে এই মানবিক চেয়ারম্যান হতদরিদ্র রোজাদারদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।

বুধবার বিকালে সাভার উপজেলা পরিষদের নিজের সরকারী বাসভবনের সামনে ৮শত এবং বিরুলিয়া ইউনিয়নে আক্রাইন উচ্চ বিদ্যালয়ে ৭শত হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেন তিনি।

এসময় বার্তাবাজারকে মঞ্জুরুল আলম রাজীব বলেন, আমরা সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই করোনা নামক ভাইরাস দ্বারা সংক্রমিত হবার পর থেকে আমরা সাভার উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫ হাজার পরিবারকে এপর্যন্ত খাদ্য সহায়তা দিয়েছি। আমার প্রতিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকগন সহ সকল নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র ও কাউন্সিলর সহ সকলে একযোগে কাজ করছে।

এসময় তিনি আরও জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে তো মানুষের ক্ষুধা বন্ধ থাকবে না। তারা তো ক্ষুধার্ত হবেই। আমি তাই এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আজকে সাভার উপজেলা চত্বরে আটশো’ রোজাদারকে খাবারের ব্যবস্থা করেছি। এরপর বিরুলিয়ায় অসহায় রোজাদারদের জন্য ইফতার হিসেবে ভুনা খিচুড়ি নিয়ে এসেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁর এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিরুলিয়া ইউনিয়নে এই খাদ্য সহায়তা প্রদানের সময় রাজীবের সাথে আরও উপস্থিত ছিলেন- বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেএ/বার্তাবাজার