দিনাজপুরে আধুনিক পদ্ধতিতে ধান কাটার উদ্বোধন

দিনাজপুরের বিরল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক ও প্রযুক্তি নির্ভর কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে চলতি মৌসুমে বোরো ধান কাটা ও মাড়াই এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই কর্মসূচীর উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম।
আধুনিক এই মেশিনের সাহায্যে নিমিশেই স্বল্প সময়ে ধান কাটা ও মাড়াই করা যাবে।

ফলে এক ঘন্টায় দেড় একর জমির ধান কাটতে ও বস্তাবন্দি করা সম্ভব এই মেশিনের মাধ্যমে। বিরল উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই মেশিনের উদ্বোধনের পরেই কয়েকজন কৃষকের ধান কেটে দিয়ে বস্তাবন্দি করা হয়।

কৃষি কর্মকর্তারা বলছেন, শ্রমিক সংকটের এরকম সময়ে এই হারভেস্টার মেশিনটির কার্যকারিতা অনেক। অল্প সময়ে এবং স্বল্প টাকায় ধান কাটা মাড়া দুটোই এক সাথে করা হয়।

বানিয়াপাড়া এলাকার কৃষক মো. মোজাফফর হোসেন বলেন, ‘আমার ১০ কাঠা জমির ধান মাত্র আধা ঘন্টার একটু বেশি সময়ের মধ্যেই কেটে মাড়াই করে দিয়েছে। যেখানে শ্রমিক নিয়ে কাজ করলে আমার একদিনে হত কি না জানি না। আবার ধানের মধ্যেও কোন প্রকার ময়লা আবর্জনা নেই। শ্রমিকরা এখন ধান কাটতে চায় না। এজন্য এই মেশিনটি এখন বেশ উপকারে আসবে আমাদের।’

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তৌহিদুল ইকবাল বলেন, ‘সরকারের প্রচেষ্টায় কৃষকের কথা ভেবে আমরা এই হারভেস্টার মেশিনটি এনেছি। সরকারি ভর্তুকির পাশাপাশি কৃষকরা স্বল্প মূল্যে এই ধান কাটার আধুনিক মেশিনটি ক্রয় করতে পারছেন। এই মেশিনের সাহায্যে কম সময়ে অধিক জমির ধান কাটা ও মাড়াই করা সম্ভব। এক্ষেত্রে কৃষকের উৎপাদন খরচও অনেক কমে যাবে।’

আধুনিক এই ধান কাটার মেশিন উদ্বোধনের পর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘বোরো ধান কাটা-মাড়াই এর শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক পাকা ধান নিয়ে চিন্তায় আছে। আধুনিক এই ধান কাটা মেশিন দিয়ে স্বল্প সময়ে অধিক শ্রমিকের কাজ করতে পারে। কৃষকরা যাতে ধান কাটা নিয়ে বিপাকে না পড়ে সেজন্যই আমাদের দিনাজপুর জেলায় এরকম হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ শুরু করা হয়েছে। এই মেশিনে কৃষকরা লাভবান হবেন এবং উৎপাদন খরচ অনেকাংশে কমে আসবে।’

এ সময় উপস্থিতি ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত রহমান, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, কৃষি অফিসার মো. মাহবুবার রহমান প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর