টাকা না দেয়ায় দেনাদারকে জাপটে ধরলেন করোনা রোগী

কক্সবাজারে পাওনা টাকা আদায়ের জন্য এক সুস্থ ব্যক্তিকে জাপটে ধরেছে করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক। মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় সদর উপজেলার লিংক রোড স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, করোনা আক্রান্ত ওই যুবক (৩২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুকতারকুল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত ট্যাক্সি ব্যবসায়ী। তিন দিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, করোনা আক্রান্ত ওই যুবক লিংক রোড এলাকার সালামত নামে একজনের কাছে কিছু টাকা পেতেন। লকডাউন ভেঙে তিনি সালামতের কাছে পাওনা টাকা তুলতে যান। দেনাদার সালামত টাকা দিতে কয়েকদিন সময় চান। সালামতের কাছ থেকে পাওনা টাকা আদায়ের কৌশল হিসেবে করোনা আক্রান্ত ওই যুবক উত্তেজিত হয়ে সালমতকে জাপটে ধরে বলেন, ‘করোনায় আমিও মরব-তুইও মর।’ এ নিয়ে সালামতসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও জানান, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। দেনাদার সালামতকে দ্রুত সাবান ও জীবাণুনাশক দিয়ে গোসল করানোর ব্যবস্থা করি।

এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ জানান, লিংক রোড স্টেশনে ওই করোনা রোগী লকডাউন অমান্য করে লোকজনের সঙ্গে ঝগড়াঝাটি করেছেন বলে খবর পেয়েছি। তাকে রামু আইসোলেশন হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর