বগুড়ায় একই পরিবারের ৭ জনসহ ১১ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে আরও ১১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকাফেরত একই পরিবারের সাতজন ও স্থানীয় চার পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানা যায়, মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ১৭৬ জনের মধ্যে ১১ জনের পজিটিভ রিপোর্ট আসে।

সিরাজগঞ্জের ১২ জন নেগেটিভ। বগুড়ার আক্রান্তদের মধ্যে শহরের জলেশ্বরীতলা এলাকার এক পরিবারের চার নারী ও তিন পুরুষ সদস্য এবং পুলিশ লাইন্সে কর্মরত এক এটিএসআই ও তিন কনস্টেবল রয়েছেন। এ নিয়ে বগুড়ায় নয় পুলিশ আক্রান্ত হলেন। এর মধ্যে এক কর্মকর্তা সুস্থ হয়ে ফিরে গেছেন।

১১ মে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পুলিশ সদস্যরা পুলিশ লাইন্সে করোনা আক্রান্ত এক কনস্টেবলের সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আদালতে কর্মরত ওই পুলিশ সদস্য আক্রান্ত হবার পর মোট ২২ পুলিশের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এক পরিবারের সাতজনকে নিজেদের বাড়িতে ও পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হবে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, গত ২৯ এপ্রিল থেকে ১২ মে রাত ৯টা পর্যন্ত জেলায় মোট ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে নয়জন সুস্থ হওয়ায় বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ও নিজ নিজ বাড়িতে ৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর