করোনার এই অবসরে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে নিয়মিত ফেসবুকে লাইভ আড্ডার আয়োজন করছেন। এবার সেই আড্ডায় যোগ দেবেন ভারতের হিটম্যান খ্যাত ক্রিকেটার রোহিত শর্মা।
আগামী শুক্রবার (১৫ মে) তামিমের সঙ্গে লাইভে আড্ডা দেবেন এই ওপেনার ব্যাটসম্যান। দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে রোহিতের সঙ্গে আড্ডা দিবেন টাইগার ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল।
অবশ্য এর আগে আগামীকাল বুধবার (মে ১৩) প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে নিয়ে লাইভে আসবেন তামিম। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় তামিমের অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভটি উপভোগ করতে পারবেন।
মুশফিকুর রহিমকে দিয়ে ফেসবুকে লাইভ আড্ডা শুরু করেন তামিম। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজাকে লাইভে নিয়ে আসেন তিনি। পরে রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে একসঙ্গে লাইভে আনেন এই বাঁহাতি ওপেনার।
সর্বশেষ রোববার (মে ১০) তামিমের সঙ্গে লাইভ আড্ডায় হাজির হন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন এবং নাঈমুর রহমান দুর্জয়।
কেএ/বার্তাবাজার