করোনার কারণে সঠিক চিকিৎসা পাচ্ছেন না সাধারান রোগে আক্রান্ত রোগীরা। করোনা ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও স্বাস্থ্য মিডিয়া সেলের সদস্য সচিব মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনা তিনটি হচ্ছে দেশের সব বেসরকারি হাসপাতাল- ক্লিনিকগুলোতে সন্দেহভাজন
কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা রাখা। জরুরি চিকিৎসার জন্য আসা কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না। কোনো কারণে রেফার করতে হলেও স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের’ সঙ্গে যোগাযোগের মাধ্যমে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এ ছাড়া দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন, তারা কোভিড আক্রান্ত না হয়ে থাকলে তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।
কোনো হাসপাতাল নির্দেশনাগুলো অমান্য করলে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
কেএ/বার্তাবাজার