বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এমন একটি মিথ্যা খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি নিজেই জানিয়েছেন ঘটনাটি সঠিক নয়।
সোমবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে কনক কান্তি বড়ুয়া বলেন, বিষয়টি ভুয়া। আমি তো পরীক্ষাই করাইনি, তাহলে আমার করোনা পজিটিভ হলো কীভাবে?
তিনি আরও বলেন, আমার পিএস আমিনুল ইসলাম পলাশ করোনায় আক্রান্ত হয়েছে। সে তার পরিবার নিয়ে বাসায় আইসোলেশনে আছে। এখন পর্যন্ত আমার কোনো উপসর্গই দেখা দেয়নি। তাছাড়া আমি করোনা পরীক্ষা তো করাইনি।
তাহলে আমার পজিটিভ হলো কীভাবে? যারা রটিয়েছে আমি কোভিড-১৯ রোগে আক্রান্ত, এই বিষয় তারাই ভালো বলতে পারবে।
এই বিষয়ে বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবরটি সম্পূর্ণ ভুয়া।
বার্তাবাজার/কে.জে.পি