সম্প্রতি মানবকণ্ঠ পত্রিকার অনলাইন ভার্সনসহ অন্যান্য পত্রিকায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। মঙ্গলবার (১২ মে) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডাঃ নাজমুল হুদা মিঠু এক প্রতিবাদ লিপি প্রদান করেন।

উক্ত প্রতিবাদ লিপিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডাঃ নাজমুল হুদা মিঠু বলেন, পত্রিকাগুলোতে উল্লেখ করা হয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর খাবার খান স্বাস্থ্য কর্মকর্তা ও স্টাফরা। কিন্তু প্রকৃত সত্য এই যে, সিভিল সার্জন এর অনুমতিক্রমে যেসকল স্টাফ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থেকেও চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে যাহা সরকারি বিধি সম্মত। তাই অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম ও চিকিৎসার মান ক্ষুন্ন করায় উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার (১২ মে) সকাল ১০ ঘটিকায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভার কার্যবিবরণী থেকে জানা যায়, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নাজমুল হুদা মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারী গত ১১ মে, ২০২০ তারিখে মানবকন্ঠ পত্রিকার অনলাইন ভার্সনে ‘সাভারে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর খাবার খান কর্মকর্তা-স্টাফরা!’ শিরোনামে প্রকাশিত সংবাদ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই ধরণের সংবাদ প্রকাশকারী সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এব্যাপারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, মানবকন্ঠ পত্রিকার অনলাইন ভার্সনসহ অন্য পত্রিকাগুলোয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আমার ওখানেই কোয়ারেন্টাইনে থেকে অবস্থান করার বিষয়টি ছিলো হাসপাতালের সেবা চালু রাখার নিমিত্তে একটি সাময়িক ব্যবস্হাপনা এবং দূর্যোগকালীন সময়ে কর্তৃপক্ষের এছাড়া আর কোনো উপায়ও ছিলনা।
এব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মইনুল আহসান বলেন, ‘সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যেসকল ‘স্টাফ’ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থেকেও চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন, তারাও সাধারণ রোগীদের মতই খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং সেই খাদ্য গ্রহন করার এখতিয়ারও রাখেন তারা।’
তিনি আরও জানান, ‘সাভারের সব কিছুই আমার নজরদারীতে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সবার জন্য যেটা ভালো হবে সেটাই করছি আমরা এবং আমাদের ‘মনিটোরিং’ এর ভিতরেই সবকিছু রয়েছে।’

প্রসঙ্গত আরও উল্লেখ্য, উক্ত প্রতিবাদ সভার কার্যবিবরণী (স্মারক নং- উঃজেঃস্বাঃকমঃ/সাভার/ঢাকা/২০২০/৬৯৫/১(১১), তারিখ-১২.০৫.২০২০) এর অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নিম্নে উল্লেখিত ব্যক্তিবর্গের নিকট প্রেরণ করা হয়েছেঃ
(১) মাননীয় সাংসদ, ঢাকা-১৯, প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, (২) মহাপরিচালক (প্রশাসন), প্রধানমন্ত্রীর কার্যালয়, (৩) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা, (৪) বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন, ঢাকা, (৫) জেলা প্রশাসক, ঢাকা, (৬) পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগ, ঢাকা, (৭) সিভিল সার্জন, ঢাকা, (৮) চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাভার, ঢাকা, (৯) উপজেলা নির্বাহী অফিসার, সাভার, ঢাকা, (১০) অফিসার ইনচার্জ, সাভার মডেল থানা, সাভার, ঢাকা, (১১) সাভার প্রেসক্লাব।
কেএ/বার্তাবাজার