করোনা আক্রান্ত নয় এমন রোগীকে দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয়ার ঘটনা ঘটছে। যার ফলে অনেক রোগী চিকিৎসা না পেয়ে মারাও যাচ্ছে। এবার করোনা আক্রান্ত নয় এমন রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১১ মে) এই নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেও্য়া হবে বলেও জানানো হয়েছে।
নির্দেশনাগুলো হচ্ছে-
১. সব বেসরকারি হাসপাতাল/ ক্লিনিকে সন্দেহভাজন কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে।
২. চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসার জন্য আগত কোন রোগীকে ফেরত দেয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদফতরের ‘কোভিড-১৯ হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের’ সঙ্গে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে।
৩. দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তারা কোভিড আক্রান্ত না হয়ে থাকলে— তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।
দেশের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে উল্লিখিত নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা।
বার্তাবাজার/এসজে