করোনা পরিস্থিতিতে ত্রাণ ও চাল আত্মসাতের অভিযোগে আরও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫৫ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
মঙ্গলবার (১২ মে) স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
বরখাস্তদের মধ্যে ২০ জন ইউপি চেয়ারম্যান, ৩৩ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য এবং ১ জন পৌরসভার কাউন্সিলর।
মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্তকৃত ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউপি’র চেয়ারম্যান মুখলিছ মিয়া, রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউপি’র ৩ নং ওয়ার্ডের সদস্য মো. আকবর আলী এবং ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউপি’র ১ নং ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন।
একইসময় সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ও সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়।
বার্তাবাজার/এমকে