ত্রাণ নিয়ে অনিয়ম-দুর্ণীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডা. মুরাদ হাসান

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দেশে করোনাকালে ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে রযেছে। যারা দলীয় পরিচয়ে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় আমাদের করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে।

মঙ্গলবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্তরে হত দরিদ্র নির্মাণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, সরিষাবাড়ী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান মিশু, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ পৌর কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি আরও বলেন, অচেনা ভাইরাসটি যেন ব্যাপক আকারে ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। কিন্তু দেশ এক ধরনের লকডাউনের মধ্যে থাকায় বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষেরা। রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের কঠিন সময় পার করতে হচ্ছে। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে সরকার। কিন্তু ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে অনিয়ম দুর্ণীতি করলে তিনি যে দলেরই হোন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা,নেয়া হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর