সিলেট ছাগল উন্নয়ন কেন্দ্রের খামার থেকে খাওয়ার জন্য ফ্রি-তে ‘পাঠা’ না দেওয়ায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে মেরে আহত করেছেন কনক পাল অরূপ নামের এক ছাত্রলীগ নেতা।
সোমবার (১১ মে) দিবাগত রাতে এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছেন শাহপরাণ থানা পুলিশ। এর আগে সোমবার দুপুরে সিলেটের বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় সিলেট বিভাগীয় প্রাণি সম্পদ কর্মকর্তা ড. আমিনুল ইসলাম বাদী হয়ে শাহপরান থানায় মহানগর আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিত সরকারসহ ১০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা কনক পাল অরূপ ছাগল উন্নয়ন খামার থেকে ফ্রিতে ‘পাঠা’ নেয়ার জন্য তার অফিসে আসেন। কিন্তু তিনি খাওয়ার জন্য পাঠা দিয়ে অপারগতা জানান। এতে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গীদের ডেকে এনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফের ওপর হামলা চালায়। পরে তাকে চিকিৎসার জন্য তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ূম জানান, সরকারি খামারের ‘পাঠা’ না পেয়ে একদল যুবক প্রাণিসম্পদ অফিসে গিয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর করেছেন।
বার্তাবাজার/এসজে