ঈদের জন্য কাপড় কিনতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রামে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ঈদের জন্য নতুন কাপড় কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আকবর আলী (৬০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী জেলার বাগাতিপাড়া উপজেলার রহমানপুর গ্রামের নবীর উদ্দিনের ছেলে এবং বাগাতিপাড়া বাজারের কাপড় ব্যবসায়ী।

নিহত আকবর আলীর ছেলে আকাশ বলেন, তার বাবা একজন কাপড়ের ব্যবস্যায়ী। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর কাপড়ের মোকামে ঈদের জন্য নতুন কাপড় কিনতে যাচ্ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার সড়ক দিয়ে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত আটোরিকশা বনপাড়া থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিল। অটোরিকশাটি আইড়মারী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই কাপড় ব্যবসায়ী আকবর আলী মারা যান। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর