সারাদেশে উর্দুভাষীদের মোট ১১৫টি ক্যাম্প রয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় ক্যাম্প রয়েছে রাজধানীর মোহাম্মদপুরে। যা জেনেভা ক্যাম্প হিসেবে পরিচিত। ক্যাম্পটির বিভিন্ন সংগঠন থেকে পাওয়া তথ্যমতে, বর্তমানে ক্যাম্পটিতে বসবাসকারী পরিবারের সংখ্যা প্রায় দশ হাজারের অধিক।
জেনেভা ক্যাম্পে দুইজন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শানাক্তের ১৭ দিন পর তারা করোনা মুক্ত হয়েছেন। বর্তমানে ক্যাম্পটিতে আর কোনো কোভিড-১৯ আক্রান্ত নেই বলে দাবি করেছে জেনেভা ক্যাম্পভিত্তিক সংগঠন মহাজির রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট মুভমেন্ট (এমআরডিএম)। আগামী দিনে করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটির সভাপতি ওয়াসি আলম বশির।
করোনার উপসর্গ দেখা দেওয়ায় ক্যাম্পের দুইজন বাসিন্দার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। গত ১৮ এপ্রিল আইইডিসিআর জানায়, আবুল কালাম ও জামরুল ইসলাম নামের ওই দুই ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ। তাদেরকে হাসপাতালে না নিয়ে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হয়।
গত ২ মে ক্যাম্প থেকে পুনরায় তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। আর ৫ মে দেওয়া রিপোর্টে জানানো হয়, তারা দুইজনই করোনা নেগেটিভ।
বার্তা বাজার/এম.সি