করোনার উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেলের সাবেক ভারপ্রাপ্ত পরিচালকের মৃত্যু

প্রখ্যাত চিকিৎসক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডা. মীর মাহবুবুল আলমের (৭২) মরণঘাতী করোনাভাইসের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যায়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান ডা. মাইনুল ইসলাম ডালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মীর মাহবুবুল আলম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান, হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সাইন্সের ডিন ছিলেন।

কাশি ও শ্বাসকষ্টসহ নানা অসুখ নিয়ে গেল বুধবার (৬ মে) প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ডা. মীর মাহবুবুল আলম। এরপর সেখান থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইদিন রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। ডা. মীর মাহবুব দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছিলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, করোনার কিছু উপসর্গ থাকলেও ডা. মীর মাহবুবুল আলম করোনা আক্রান্ত ছিলেন না। চার-চারবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে। ফলে তিনি করোনাভাইরাসে নয়, ডায়াবেটিস ও লিভার সিরোসিসে মারা গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর