যশোরের মণিরামপুরে ৫৫৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে ১ মাস পেরিয়ে গেল। আইনি জটিলতা থাকায় থানার সামনে খোলা আকাশের নিচেই পড়ে আছে চালের বস্তাগুলো। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে। কিন্তু দেখার কেউ নেই।
জানা যায়, গত ৪ এপ্রিল সন্ধায় মণিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের ভাই ভাই রাইস মিল অ্যান্ড চাতালে ট্রাক থেকে চালগুলো খালাস করার সময় পুলিশ জব্দ করে। এসময় আটক করা হয়, চাতাল মালিক আব্দুল্লাহ আল মামুন ও ট্রাকচালক ফরিদ উদ্দীনকে। এ ঘটনায় মনিরামপুর থানার এসআই তপন কুমার সিংহ বাদী হয়ে ওই দিন রাতেই মামলা করেন।
পরে আদালত আটক দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। সেই সাথে ২০ এপ্রিল মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। এরপর থেকে উদ্ধার চাল থানা চত্বরে পড়ে রয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মামুন হোসেন খান জানান, খোলা আকাশের নিচে ত্রিপল দিয়ে ঢাকা এ চালে একটু পানি লাগলেই সব নষ্ট হয়ে যাবে। আর পানি না লাগলেও তা সর্বোচ্চ তিন মাস ভালো থাকতে পারে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, যেহেতু মামলা এখন ডিবি পুলিশের কাছে তাই এ ব্যাপারে তারাই ভালো বলতে পারবেন।
বার্তাবাজার/এসজে