কুমিল্লার লাকসামে ধানক্ষেত থেকে চিতাবাঘের ৩টি শাবক উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরের দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চানগাঁও নোয়াপাড়া গ্রামের একটি ধানের ক্ষেত থেকে স্থানীয় মাসুম খান ও এলাকাবাসী শাবকগুলোকে আটক করেন। খবর পেয়ে রাতের বেলা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে শাবকগুলো উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার চানগাঁও নোয়াপাড়ার হাজী সেরাজুল ইসলামের ছেলে মাসুম খান নিজেদের ফসলি জমিতে ধান কাটতে গিয়ে ‘চিতাবাঘের’ তিনটি শাবক দেখতে পান। এসময় স্থানীয়দের সহযোগিতায় তিনি জীবিত অবস্থায় শাবকগুলো আটক করেন।
আরও জানা যায়, তিনটি শাবক থেকে দ’টি নিজের কাছে রেখে একটি শাবককে বিক্রির উদ্দেশ্যে পাশের এলাকায় এক ব্যক্তিকে দিয়ে দেন। এরপর থেকে শাবকগুলোকে লুকিয়ে ফেলার চেষ্টাও করেছেন তিনি।
এ বিষয়ে মাসুম খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে চিতাবাঘের তিনটি শাবক আটকের বিষয়টি নিশ্চিত করেন। তার দাবি, পাশ্বর্তী এলাকার আরিফ নামে একজনকে একটি শাবক দিয়েছেন এবং তার নিজের আয়ত্বে থাকা দুটি শাবক তিনি ছেড়ে দিয়েছেন। অবশ্য রাতেই পুলিশ পুলিশ পৃথক স্থান থেকে শাবক তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানতে চাইলে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন জানান, শাবকগুলো বাঘের না বনবিড়ালের এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমাদের থানা পুলিশের ফোর্স রাত ৮টার দিকে অভিযান চালিয়ে শাবক তিনটি উদ্ধার করেছে। এখন আমরা বনবিভাগের সাথে যোগাযোগ করে এগুলো তাদের কাছে হস্তান্তর করবো।
বার্তাবাজার/এসজে