৪৮ দিন পর খালেদার সাথে ফখরুলের সাক্ষাৎ

দুই বছরেরও বেশি সময় পর কারামুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তির ৪৮ দিন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাক্ষাৎ দিয়েছেন খালেদা। গতকাল সোমবার রাত ৯টার দিকে মির্জা ফখরুল চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান।

দলীয় কর্মকা-, দেশে করোনা পরিস্থিতি, দলের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণসহ নানা বিষয় দলীয়প্রধানকে অবহিত করেন মহাসচিব। আলোচনা শেষে রাত ১০টা ২০ মিনিটে তিনি বেরিয়ে আসেন।

নির্বাহী আদেশে ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে মুক্ত হন খালেদা জিয়া। করোনা ভাইরাসের কারণে টানা দুই সপ্তাহ থাকেন আনুষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে। চিকিৎসকদের পরামর্শে এখনো তিনি লোকজন এড়িয়ে চিকিৎসা ও ইবাদত-বন্দেগী করছেন বলে দলীয় সূত্রে জানা যায়। পারিবারিক সদস্য ছাড়া আর কেউ তার সঙ্গে দেখা করার অনুমতি ছিল না।

দলীয় সূত্র জানায়, মুক্তি পাওয়ার পর দলের মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে গতকালই প্রথমবার বৈঠক করলেন খালেদা জিয়া। প্রায় সোয়া ঘণ্টার আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি জানার পর বিএনপি চেয়ারপারসন উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে করোনা ভাইরাসের এই সংকটকালে দলের প্রতিটি নেতাকর্মীকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তবে সাক্ষাৎকারের শুরুতেই খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন মির্জা ফখরুল। পরে তিনি জানান, করোনার প্রাদুর্ভাবে কর্মহীন ও দুস্থদের পাশে রয়েছেন দলের নেতাকর্মীরা। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের করোনা পরিস্থিতি, চিকিৎসা, কৃষি উৎপাদন পর্যবেক্ষণসহ ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।

আর এসব পর্যবেক্ষণের জন্য ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ এবং সাংগঠনিক সম্পাদকদের প্রধান করে বিভাগীয় ও জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া রাজধানীসহ সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন ও দুস্থদের জরুরি খাদ্য সহযোগিতা দিতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের চিঠি দেওয়া হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর