করোনার প্রভাবে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় শুরুতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সব শিক্ষার্থীর এতে অংশগ্রহণ করার সুযোগ না থাকায় সে অবস্থান থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে অনলাইনে সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ এবং উপউপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ এ সভায় সংযুক্ত ছিলেন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই দেশের বিভিন্ন অঞ্চলে নিজ বাড়িতে অবস্থান করছে এবং ইন্টারনেটসহ প্রযুক্তিগত অন্যান্য সুবিধা সবার কাছে না থাকায় অনলাইন ক্লাসে তাদের অংশগ্রহণের সক্ষমতা নেই বলে সভায় উল্লেখ করা হয়। এ ছাড়া অনেক শিক্ষার্থীর অর্থনৈতিক অসচ্ছলতা, বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতাও রয়েছে।
সভায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির পর প্রয়োজনে শুক্র ও শনিবারও ক্লাস নেওয়ার বিষয়ে একমত হন সবাই। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প সব প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট ডিন ও প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও শিক্ষকদেরও এ পরামর্শ মানতে অনুরোধ করা হয়। চিকিৎসা অনুষদসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের প্রতি যত্নশীল থাকা এবং বিশেষ মানবিক সহযোগিতা দিতেও সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।
কেএ/বার্তাবাজার