ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ আর নেই

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খেলাফত মজলিসের নেতা মওলানা ফখরুল ইসলাম গণমাধ্যমকে মাওলানা নেজামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার মাগরিবের নামাজের অজু করতে গিয়ে লুটিয়ে পড়েন মাওলানা আবদুল লতিফ নেজামী। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দলটির ছাত্র সংগঠন ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম সংবাদমাধ্যমকে জানান, মাওলানা নেজামীর জানাজা মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টায় নরসিংদীর শিবপুরের মুন্সেফের চর ইটাখোলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে মাওলানা আবদুল লতিফ নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি প্রায় ছয় দশক রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট দীর্ঘ ১৮ বছর বিএনপির সঙ্গে জোটে ছিল। ২০১৭ সালে তার দল জোট ত্যাগ করে। তিনি হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর