নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে ব্যবসায়ী মো: রাশেদ রানা হত্যার ঘটনায় মামলার সাক্ষী রাজিব খানকে (৩২) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এসময় হামলাকারীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন রাজিব খান।
সোমবার সন্ধ্যায় গাংচিল বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত রাজিব খান চরএলাহী ৮নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে।
আহত রাজিব খান অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যায় তার চাচা শশুর হত্যা মামলার অন্যতম আসামী সিরাজ সরদার (৪৫) গাংচিল বাজারে আসলে স্থানীয় লোকজন তাকে আটক করার চেষ্টা করে।
খবর পেয়ে ওই হত্যা মামলার প্রধান আসামী স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল মেম্বারের সন্ত্রাসী বাহিনীর সদস্য মেহরাজ, আলী মোহন, সাকিব, আইমন, তোফায়েল, দেলোয়ার ও বেলালের নেতৃত্বে ১০-১২ জন বাজারে এসে লোকজনের ওপর অর্তকিত হামলা চালায়।
হামলাকারীরা অন্তত ৭জনকে পিটিয়ে জখম করে। পরে ওই সন্ত্রাসীরা তার দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, নগদ ১লাখ ২০হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের বাঁধা দিতে গেলে তারা তাকে (রাজিব) এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, খবর পেয়ে রাতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার সাক্ষী রাজিবকে কুপিয়ে জখম ও তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে হত্যা মামলার আসামীরা। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএ/বার্তাবাজার