ঢাকার কেরানীগঞ্জে একজন নারী এসি ল্যান্ডসহ নতুন করে আরও ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স ১৬ থেকে ৬০ বছর।
সোমবার রাত পুনে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে কেরানীগঞ্জ দক্ষিন রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আব্দুল্লাহ তিন্নিসহ আরও ১৯ জন পজিটিভ হয়েছেন। বাকিরা হলেন, কেরানীগঞ্জ মডেল থানার চারজন পুলিশ সদস্য, চারজন র্যাব সদস্য, সাজেদা হাসপাতালের তিনজন ষ্টাফ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী। এছাড়াও শুভাঢ্যা ইউনিয়নে দুইজন, জিনজিরায় তিনজন, কালিন্দী ও রুহিতপুরে একজন করে সনাক্ত হয়েছেন।
জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আব্দুল্লাহ তিন্নির স্বামী সাংবাদিক ইমরান আব্দুল্লাহও করোনা পজেটিভ হয়েছেন। তবে তিনি কেরানীগঞ্জের না হওয়ায় তাকে কেরানীগঞ্জ উপজেলার আক্রান্তের তালিকায় রাখা হয়নি।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৭ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
কেএ/বার্তাবাজার