সন্তানদের ফেলে যাওয়া দুই মা’কে ইউএনও’র ঈদ উপহার

ঢাকার সাভারে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সন্তানদের ফেলে যাওয়া সেই দুই মা’কে দেখতে গিয়ে ‘ঈদ উপহার’ দিয়ে এসেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান। সোমবার (১১ মে) দুপুরে মিরপুর এক নম্বরে অবস্থিত সরকারি আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় পাওয়া ওই দুই মা এর খোঁজখবর নিয়ে তাদেরকে আসন্ন ঈদ উপলক্ষে উপহার হিসেবে পরিধানের কাপড় ও খাদ্য সামগ্রী দিয়ে আসেন।

এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন সাভার সদর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

ছবি:বার্তাবাজার।

এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান, আজ (সোমবার) দুপুর বারটার দিকে সাভারে সন্তানদের ফেলে যাওয়া দুইজন বয়স্ক মা যারা এখন ঢাকার মিরপুর এক নম্বরে অবস্থিত সরকারি আশ্রয়ন কেন্দ্রে রয়েছেন, সাভারের সহকারী কমিশনার (ভূমি) কে নিয়ে দেখে এসেছি।

এসময় তাদের শারীরিক অবস্থা এবং এখানে তাদের সঠিক দেখাশোনার ব্যাপারে খোঁজ খবর নেই। সেখানে তাদের কোন অসুবিধা হচ্ছে কিনা সে ব্যাপারেও খোঁজ নেয়া হয়। এছাড়া ঈদ উপলক্ষে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে আমার নিজস্ব তহবিল থেকে ঈদ উপহার স্বরূপ পরনের কাপড় ও কিছু খাবারসামগ্রী দিয়ে এসেছি।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল এক বৃদ্ধ মহিলাকে করোনা রোগী ভেবে তার ছেলেরা ফেলে যায় সাভারের হেমায়েতপুরে। সেই সময় সাভার উপজেলা প্রশাসন ঐ মহিলাকে মায়ের মর্যাদা দিয়ে হাসপাতালে ভর্তি করে সকল দায়িত্ব গ্রহণ করেছে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২১ এপ্রিল সন্ধ্যায় সাভারের তালবাগ এলাকায় কবরস্থানের গেটে মানিকগঞ্জ থেকে নিয়ে আসা করোনা আক্রান্ত সন্দেহে সন্তানরা এক বৃদ্ধ মা কে ফেলে গেলে তাকেও উদ্ধার করে সাভার উপজেলা প্রশাসন সুচিকিৎসার ব্যবস্থা করে। পরে ওই দুই মায়ের ঠাঁই হয় মিরপুর এক নম্বরে অবস্থিত সরকারি আশ্রয়ন কেন্দ্রে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর